শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

জাতি কি কোন রাজনীতিক দলের কাছে জিম্মী?

ভাবনা-৫৫

সাম্প্রতিক বাংলাদেশের চলমান কিছু চিত্র নিয়ে কথা ভাবতে হচ্ছে। কিছু প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে: জাতি কি কোন রাজনীতিক দলের কাছে জিম্মী? সর্ববৃহৎ রাজনীতিক দল হলেই কি জাতির প্রতিনিধিত্ব করার লাইসেন্স পায়? সর্ববৃহৎ বা বৃহত্তম রাজনীতিক দলের কর্ণধারেরা কি যাচ্ছেতাই করার বা বলার অধিকার রাখেন? কথাগুলো ভাবছিলাম দেশের সাম্প্রতিক হালাবস্থা দেখে। ২০২৪ সালের ৫ই আগস্ট খুনি ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পর দেশের রাজনীতিক দলগুলো বিশেষত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে। কারণ, তাদের গণিতে ছিলো না: হাসিনার পতন এতো তাড়াতাড়ি হবে। তা’ছাড়া ফখরুল সাহেবরা ধারণায় নিতে পারেননি হাসিনা-পরবর্তী যুগ সহসাই আসতে চলেছে। বিপ্লবের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ২০২৫ সালের ফেব্রুয়ারীতে ফেস দ্য পিপল নামের এক টকশোতে বলেন, “২০ জুলাই (২০২৪) আমরা সরাসরি বিএনপির হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছিলাম। (বলেছিলাম,) খু'নের পর খু'ন হচ্ছে, আমরা বড় কিছু ভাবতেছি। (তখন) আমাদেরকে বলা হয়েছিল, আমরা এখনও শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না।" নিশ্চয় হাইকমান্ডে ফখরুল সাহেব ছিলেন। এ ছাড়া জনাব ফখরুল সাহেব ২০২৪’র ১৭ই জুলাই স্পষ্টভাবে বলেন: এ আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই। এ থেকে প্রমাণীত হয়, বিএনপি জুলাই-আগস্ট বিপ্লবের সাথে কোন সম্পর্ক রাখেনি। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টায় বিএনপি। মহাসচিব থেকে শুরু করে অন্য নেতৃবৃন্দকেও বলতে শোনা যায় জুলাই-আগস্ট বিপ্লবের প্রেক্ষাপট রচনা করেছে বিএনপি। তাহলে প্রশ্ন হলো: অবস্থানের এ পরিবর্তন কেন? কোনটি সঠিক?

হাসিনা-পরবর্তী যুগের মাস তিনেক না পেরুতেই হঠাৎ বিএনপি সব পেছনে ফেলে নির্বাচন নিয়ে হাঁকডাক দিতে শুরু করে। বিষয়টি জনমানুষ ভালোভাবে নেয়নি। হাসিনা ও তার দোসরদের বিচার যেনো দ্বিতীয় সারির এজেন্ডা বিএনপির কাছে। নিহত-আহতদের খোঁজখবর নেয়ার চেয়ে বিএনপির কাছে নির্বাচনটাই যেনো অধিক গুরুত্বপূর্ণ। দেশের সংস্কার বা জনগণের বহুদিনের দাবি রাষ্ট্র-মেরামতের কাজটিও বিএনপির কাছে খুব গুরুত্ব পেয়েছে বলে মনে হলো না। বিশেষ করে দলের মহাসচিবের অস্থির বক্তব্য আম-জনতার মাঝে বিরক্তির সৃষ্টি করে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, আগে যেমন আওয়ামী লীগকে মানুষ পথেঘাটে গাল দিতো তেমন না হলেও বিএনপিকে তুলোধুনো করে ছাড়ছে সাধারণ মানুষ। মানুষ বলছে, এতো জিয়ার বিএনপি নয়। উপরন্তু বাহ্যত ভারতের সুরে শীঘ্র নির্বাচন, ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা ইত্যাদিতে মানুষ এখন অনেকটাই বিএনপির সমালোচক। তৃণমূলের অভিজ্ঞতা এমনই প্রকট। মানুষ ভাবতে শুরু করেছে, বিএনপি ভারতের প্রেসক্রিপশনে চলছে। এখান থেকে বিএনপি অবস্থার উত্তরণ ঘটাতে না পারলে সামনে ভয়াবহ বিপদ। মনে রাখতে হবে, একটি রাজনীতিক দলের জন্য জনবিচ্ছিন্নতা চরম বিপর্যয়কর। আওয়ামী লীগ তার বড় প্রমাণ।

ক’দিন আগে বিএনপি নেতৃবৃন্দ জনাব ফখরুল সাহেবের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ড. ইউনুস বরাবরে সাক্ষাৎ করেছেন নির্বাচনের দিনক্ষণ জানতে। বৈঠকের পর বেরিয়ে মহাসচিব বললেন, প্রধান উপদেষ্টার কথায় তাঁরা সন্তুষ্ট নন। নির্বাচন-নির্বাচন করতে থাকা বিএনপির এ ধরনের কথায় সাধারণ মানুষ আরেক দফা ক্ষেপেছে। আমরা বুঝতে পারছি না, বিএনপি কেন বারবার এক-ই ভুলে পা দিচ্ছে। এখন আম-জনতা প্রশ্ন করতে শুরু করেছে: জাতি কি বিএনপির কাছে জিম্মী? বিএনপিকে এমন প্রতিনিধিত্ব করার অধিকার কে দিয়েছে? বিএনপি নিঃসন্দেহে বর্তমানে সর্ববৃহৎ রাজনীতিক দল। কিন্তু তাদের বাইরেও তো বিশাল জনগোষ্ঠী আছে যারা তাদেরকে ভোট দেবেন না। ফলে পুরো জাতির অভিভাবকত্ব তো বিএনপি করতে পারে না। ড. ইউনুস এখন যেভাবেই হোক দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা; নির্বাহী প্রধান। তালাশ করলে দেখা যায় তাঁর জনপ্রিয়তা এখন তুঙ্গে। মানুষ তাঁর মাঝে আস্থা খুঁজে ফিরছে। এখন মানুষের পছন্দ বা আকাঙ্খার বিপরীতে বিএনপি যেভাবে অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত বা মেন্ডেটবিহীন বলে কোণঠাসা করতে চাইছে—সেটা খোদ বিএনপির জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ, বিএনপির বর্তমান অবস্থান জনমানুষের বিপরীতে। নিরানব্বই ভাগ মানুষ এখন আগে সংস্কার এবং পরে নির্বাচন চায়। নাম কা ওয়াস্তে কিছু কলমের কাটাছেরাকে সংস্কার বলে চালিয়ে দেয়াকে মানুষ সংস্কার বলে গ্রহণ করতে চায় না। মানুষ চায় ফ্যাসিস্টদের বিচার, পূর্ণাঙ্গ সংস্কার, পরে নির্বাচন। অন্যথায় আবারও নতুন ফ্যাসিস্টের আগমন ঘটবে।জঞ্জাল সাফ করা না হলে বিএনপিও হতে পারে পরবর্তী ফ্যাসিস্ট। এতে আশ্চর্যের কিছু নেই।

এখন বিএনপিকে কালক্ষেপণ না করে ফযসালা করতে হবে: জনমানুষের আকাঙ্খার কাছে তাঁরা নতি স্বীকার করবে কি না।একান্তুই যদি তাঁরা সন্দিগ্ধ হন তবে সংস্কার ও নির্বাচনপ্রশ্নে গণভোটের প্রস্তাব করতে পারেন।সে পথে হলেও সমাধান খোঁজা যেতে পারে।এসব না করে খালি সকাল-বিকাল বেসুরো সুরে নির্বাচনের ডুগডুগি বাজালে কি লক্ষ্য অর্জিত হবে? সাহস থাকলে জনগণের কাছে যান।তাঁদের সিদ্ধান্ত মানুন। মনে করবেন না, আপনারা জাতির অলিখিত অভিভাবক; জাতিই আপনাদের অভিভাবক। অযথা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নিজেদের ভবিষ্যৎকে কালিমাযুক্ত করবেন না। আপনাদের বর্তমান চালচলন জিয়ার আদর্শ বহন করে না।                  

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

সিন্ডিকেট-নির্ভর হেফাজত দেশের জন্য বিপদের কারণ হতে পারে

ভাবনা-৫৪

বলাবাহুল্য, হেফাজতে ইসলাম ঘোষিতভাবে কওমী আলিম-উলামা নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। ২০১০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় মাওলানা আহমদ শফী রহ.’র নেতৃত্বে মূলত তরুণ আলিমদের একটি অংশের প্রচেষ্টায়। দুর্ভাগ্যজনকভাবে শুরুতেই এমন একটি অংশ নেতৃত্বে প্রভাব সৃষ্টি করে যারা হেফাজতের কার্যক্রম বিস্তারের পাশাপাশি নিজেদের স্বার্থ হাসিলের পথ সুগম করতে পারে। এ চিত্র দেখা যায় একশ্রেণীর নেতৃত্বের তৎপরতায় রাতারাতি বদলে যাওয়া জীবনচিত্রে যাকে কেউকেউ আপডেটেড লাইফ-স্টাইলও বলতে পারেন। যারা ছিলো এক সময় ছন্নছাড়া, অভাবগ্রস্থ ও পরমুখাপেক্ষী—তারাই হয়ে গেলেন নতুন গাড়ির সামনের আসনের মালিক। একজনকে দেখেছি, এক রাস্তার মোড়ে ভাতের দোকান দিয়ে খদ্দেরের হস্ত মুবারকে ভাত তুলে দিয়ে দিন গুজরান করতে। তাকেও দেখলাম, রাতারাতি নেতা বনে কওমী-জগতের অভিভাবক বনে যেতে। আমি কারও জৈবিক উন্নয়নের বিরোধিতা করছি না; বিরোধিতা করছি, অন্যায়ভাবে বড়লোকি ও নেতাগিরি দেখিয়ে আসন দখল করার বদ-খাসলতের। এরা কেউ আবার হেফাজতের নিরপেক্ষ কাউন্সিলে নির্বাচিত নন। হেফাজতের শুরুতে এরা নিজেরা বসে নিজেদের মত করে গুরুত্বপূর্ণ কিছু পদ দখলে নেয় এবং ক্ষমতা প্রলম্বিত করতে গড়ে তোলে সিন্ডিকেট। হযরত আহমদ শফী রহ.কে সামনে রেখে চলতো এদের সাংগঠনিক জমিদারী। আর আহমদ শফী রহ.কে কিভাবে ম্যানেজ করা হতো তাতো কারও অজানা নয়। যারাই এ সিন্ডিকেটের বিরোধিতা করতেন তাদেরকে কৌশলে রাস্তা থেকে সরিয়ে ফুটপাতে বসিয়ে রাখা হতো। হেফাজতে ইসলামের দ্বিতীয় আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী রহ.’র সাথে উক্ত সিন্ডিকেটের দূরত্ব তৈরি হয় কিন্তু প্রভাব সৃষ্টির কারণ থেকেই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, হযরত বাবুনগরী রহ. পূর্বের সিন্ডিকেট ভেঙ্গে দিলেও পুরনো কিছু সিন্ডিকেটবাজের সমন্বয়ে নতুন এক সিন্ডিকেটের আভির্ভাব ঘটে। অবশেষে হেফাজত আর সিন্ডিকেটমুক্ত হতে পারলো না। এখনো চলছে সেই ঐতিহ্যবাহী বংশধারা।

অভিযোগ উঠে, সক্রিয় সিন্ডিকেট সময়ে-সময়ে হেফাজতের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে বিশেষত নির্বাচনকে সামনে রেখে সরকারের বিভিন্ন এজেন্সী, রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায় থেকে আর্থিক সুবিধা গ্রহণ করে। হেফাজতের সৃষ্ট সিন্ডিকেট সবচেয়ে বেশি ব্যবসা করে ২০১৩ সালে শাপলার সমাবেশ এবং ২০২১ সালে মুদিবিরোধী আন্দোলন ও হরতালকে কেন্দ্র করে। তৎকালীন চারদলীয় ঐক্যজোটের অন্যতম নেতা চট্টগ্রামের মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী নিজে এমন একটি ঘটনার প্রত্যক্ষ বর্ণনা দিয়েছেন। সময়টা আমার মনে নেই। তবে খুব সম্ভবত মুফতী হারুন ইজহারের প্রথম কারামুক্তির পর। সেখানে মুফতী হারুন ইজহার ও মাও. আজিজুল হক ইসলামাবাদীও উপস্থিত ছিলেন। কথা হচ্ছিলো লালখান বাজার মাদরাসায়। মুফতী ইজহারুল ইসলাম সাহেব বলেছিলেন: ৫ই মে শাপলার ঘটনার দিন বিকেল দু’টা-আড়াইটার মতো হবে, তখন দু’একজন শহীদ হয়েছেন, পুলিস ও র‌্যাবের ধাওয়া খেয়ে মুফতী সাহেব  দিগন্ত টেলিভিশন অফিসে আশ্রয়ের জন্য উঠে যান। সেখানে তিনি দেখেন তৎকালীন যুগ্ম মহাসিচব পদবীধারী মাইনুদ্দীন রুহী, মোজাম্মেল ও অন্য একজন মিলে বস্তাভর্তি টাকা গুনছেন। মুফতী সাহেবকে দেখে তারা হতচকিত হয়ে টাকা গোনা বন্ধ করে দেন। পরবর্তীতে আমি হেফাজতের দায়িত্বশীল একজন থেকে জানতে পারি, সে টাকা একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নেয়া। বিষয়টি আমি ২০২১ সালে আমার রিমান্ডের সময় মুফতী হারুন ইজহারের উপস্থিতিতে হাটহাজারী থানায় উত্থাপণ করি। কিন্তু রুহীদের সাথে হাসিনা সরকারের ঘনিষ্ট সম্পর্ক থাকায় বিষয়টিতে তদন্ত হয়নি। আমি এখনো বলি, উক্ত বিষয়ে একটি বিস্তৃত সরকারি তদন্ত হওয়া উচিৎ। তাহলে, অনেক থলের বিড়াল বেরিয়ে আসবে। এখানে আমি আরও একটি তথ্য দিচ্ছি। ফটিকছড়ির জামিয়া আরবিয়া নাজিরহাট মাদরাসার সাবেক শিক্ষা পরিচালক মাও.সলিমুল্লাহ সাহেব যিনি এখন জামিয়া ফারুকিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, হাটহাজারী মাদরাসার একজন সিনিয়র শিক্ষক মাও. হাফিয মাহবুব সাহেবকে (ফটিকছড়ি) একটি তথ্য দিয়েছেন। বিষয়টি মাও. মাহবুব সাহেব আমাকে নিশ্চিত করেছেন দু’দুবার। উল্লেখ্য, মাও.সলিমুল্লাহ সাহেব আহমদ শফী রহ.’ ও হযরতের ছোট সন্তান মাও.আনাসের অত্যন্ত ঘনিষ্টজন হিসাবে পরিচিত। হযরত মাহবুব সাহেবের কথায়: মাও.সলিমুল্লাহ সাহেব তাঁকে দু’বার বলেছেন যে, মাও. আনাস বিদেশ থেকে অনুদান হিসাবে আসা কোটি টাকার উপরে হেফাজতের টাকা একাউন্টে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এ বিষয়টিও সরকারিভাবে তদন্ত করা দরকার। অভিযোগ ওঠে, ২০২১ সালে মুদিবিরোধী আন্দোলন ও ২৭শে মার্চের হরতালকে ঘিরে সক্রিয় সিন্ডিকেট বড় ধরনের অর্থের লেনদেন করে। এগুলো তদন্ত হলে অনেক অজানা তথ্য জাতি জানতে পারবে। ২০২১ সালের হেফাজতের মামলায় গ্রেফতার থাকাকালীন চট্টগ্রাম কারাগারে শুনেছি, কনডেম সেলে রকী বড়ুয়া নামে একজন ভারতীয় র-এজেন্ট আছে। শুনেছি, তাকে ডিজিএফআই গ্রেফতার করেছে। তার সাথে আলাপ করে একজন কারারক্ষী আমাকে জানায়, রকী বড়ুয়ার ভাষ্যমতে এদেশে নাকি ভারতের দু’ধরনের এজেন্ট আছে। একটি অংশ যারা বামপন্থীদের সহযোগে ইসলামপন্থী ও ডানপন্থীদের বিরুদ্ধে কাজ করে। আর অপর অংশটি হলো, যারা ইসলামপন্থী ও ডানপন্থীদের সাথে মিশে দেশকে অস্থিতিশীল করতে উস্কানী দেয়। সেখানে তারা বিরাট অংকের অর্থেরও যোগান দেয় বলে জানায়। এসব বিষয় নিয়ে পুর্ণাঙ্গ তদন্ত হলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে।

সিন্ডিকেটবাজদের একটি বড় সওদাবাজি চলে শাপলার ঘটনার দিন ও রাতে। সেদিন কথা ছিলো কেবল ঢাকা অবরোধ হবে। কিন্তু সরকারের এজেন্টগুলো হেফাজতের সামনে একটি ট্র্যাপ বা ফাঁদ তৈরি করে যেনো হেফাজতের নেতাকর্মীরা অবরোধের পরিবর্তে শাপলায় ঢুকে যায়।এতে হেফাজতের কর্মীদের বেছেবেছে টার্গেট করা সহজ হবে। কথামতো হেফাজত অজানা যাদুর কাঠির স্পর্শে শাপলায় সমাবেশ করার অনুমতি পেয়ে যায় যেখানে বিএনপি চেষ্টা করেও পায়নি। মাত্র ঘণ্টা খানিকের মধ্যে সরকারের অনুমতি পাওয়া ছিলো রহস্যজনক। অথচ এ ব্যাপারে আগেভাগে তৎকালীন মহাসচিবকে কিছুই জানানো হয়নি। এখানেই সিন্ডিকেটদের চলে গোপন বাণিজ্য। এরপরও রাতে শাপলা ত্যাগের জন্য হযরত বাবুনগরী রহ. সিদ্ধান্ত নিয়ে ফেললেও কুশীলবদের ষড়যন্ত্রে আহমদ শফী রহ.কে শাপলায় আসতে না দিয়ে গণহত্যার পথ নিরাপদ করা হয়। এখানেও চলে সিন্ডিকেটবাজদের গোপন বাণিজ্য। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত হলে অনেক কিছুই বেরিয়ে আসবে।      

ইদানিং সিন্ডিকেটের বিষয়টি আবারো আলোচনায় উঠে এসেছে। জামায়াতের সাথে একতর্ফা বৈঠক করে তাদের নেতৃত্বে ইসলাম কায়েমের যে ঘোষণা হেফাজতের একটি অংশ দিয়েছে, সেটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কিন্তু যারা সেখানে গেছেন তারা কোন সদুত্তর দিতে পারেননি। জামায়াত বিষয়ে হেফাজতের আমীরের বক্তব্য সিন্ডিকেট মোটেও আমলে নেয়নি। উপরন্তু আমীরের বক্তব্য প্রচারে কৌশল করে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে জানা গেছে। ২০২৪ সালের ১৮ই নভেম্বর রবিবার ফটিকছড়ির জামিয়া বাবুনগরে ঢাকার হেফাজত নেতৃবৃন্দসহ হাটহাজারী মাদরাসার পরিচালক হযরত খলীল আহমদ সাহেব সহকারে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে আমীরের জামায়াতবিরোধী বক্তব্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এমন কি নিয়ন্ত্রণের কৌশল হিসাবে মাও. খলীল আহমদ সাহেব আমীরে হেফাজতের বক্তব্য কেবল লিখিত আকারে দেয়ারও প্রস্তাব করেন। বিষয়টি হেফাজতের একজন গুরুত্বপূর্ণ সদস্য যিনি বৈঠকে উপস্থিত ছিলেন, আমাকে জানান। বৈঠকে আমীর মাও. মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা. স্পষ্ট জানিয়ে দেন তিনি আকাবীরে দেওবন্দের আদর্শের বাইরে যেতে পারবেন না। তিনি আরও বলেন, কোন ঐকমত্য ছাড়া অন্যদের জামায়াতের সাথে জোট করার চিন্তাভাবনা থাকলে তিনি হেফাজত ত্যাগ করতে প্রস্তুত। অথচ দেখা যায়, এরপরও হেফাজত নেতৃবৃন্দের একটি অংশ সংবাদ-মাধ্যমে জামায়াতের সাথে ঐক্য করার কথা বলে যাচ্ছেন। এখানে গুরুতর আপত্তিটা হলো: প্রথমত, হেফাজত একটি অরাজনীতিক সংগঠন এবং দ্বিতীয়ত, কোন রাজনীতিক দলের সাথে ঐক্য গড়ার মানেই হলো হেফাজতকে সমূলে ধ্বংস করা। এ দৃষ্টিকোণে হেফাজত আমীরের অবস্থান যথার্থ। তাঁর কথা হলো, অন্য কেউ চাইলে অন্য প্লাটফরম থেকে কোন রাজনীতিক দলের সাথে জোট করতে পারে কিন্তু হেফাজতের নাম ব্যবহার করে নয়। গত ৬ই এপ্রিল ২০২৫ রবিবার হেফাজতে ইসলামের কয়েকজন নেতৃবৃন্দ বিএনপি’র সর্বোচ্চ নেতৃবৃন্দের সাথে আসন্ন নির্বাচন নিয়ে বৈঠক করেন। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। নির্বাচন নিয়ে হেফাজতের বৈঠকের যৌক্তিকতা কোথায়? এভাবে বারবার হেফাজতকে বিতর্কিত করা হচ্ছে। যারা এসব করছেন তারা আমীরের কোন কথাই মানছেন না। নাই যদি মানা হবে, বর্তমান আমীরকে রেখে লাভ কি? তাঁরও উচিৎ হেফাজতের শীর্ষপদ ছেড়ে দেয়া। তাহলে দেখা যাবে কতো ধানে কতো চাল।

এভাবে হেফাজতকে বিতর্কিত করে নিজেদের স্বার্থ হাসিলের রাজনীতি আর কতোকাল চলবে? সিন্ডিকেট করে হেফাজতকে সওদাবাজির হাতিয়ার বানানোর দিন কি শেষ হবে না? সেই পুরনো মডেলদের দিয়ে হেফাজতের পদ দখলের সংস্কৃতি আর কতোদিন চলতে দেয়া হবে? দুর্ভাগ্যজনক হলেও সত্য, হেফাজতের তরফে কখনো এসব বিষয়ে না তদন্ত করা হয়েছে, না ব্যবস্থা নেয়া হয়েছে। গোলেমালে-গোলেমালে কাটছে দিন। আমার মনে হয়, স্বচ্চতার ও জবাবদিহিতার খাতিরে হেফাজত বিষয়ে সরকার ও দুদকের নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। কে কোথায় কিভাবে লেনদেন করেছে, সব উদঘাটন হওয়া আবশ্যক। গোপন সওদাবাজির চিত্র প্রকাশ না পেলে এবং সিন্ডিকেটমুক্ত হেফাজত প্রতিষ্ঠিত করা না গেলে দেশ ও জাতি বিপদগ্রস্থ হবে। হয়তো এক সময় দেখা যাবে, দেশের বাইরের কোন শক্তি সিন্ডিকেটের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এ সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে সৎ ও পরহেজগার তরুণ আলিম-সমাজকে; প্রতিরোধ গড়ে তুলতে হবে তাঁদেরকেই। আমরা চেয়ে আছি তাঁদের পানে। আল্লাহ হাফিয।

Featured Post

জুলাই জাদুঘরে হেফাজত-ভাষ্কর্য: দায় কার?

মুহাম্মাদ গোলাম রব্বানী ইসলামাবাদী ভাবনা-৮২  সম্প্রতি জুলাই জাদুঘরে হেফাজতে ইসলামের ৫ই মে’র একটি হৃদয়বিদারক চিত্রকে অবলম্বন করে নির্মিত ভাষ্...